সাতক্ষীরার কালিন্দী নদীর সীমান্তে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশইন করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ ও দৃঢ় অবস্থানের মুখে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
নীলডুমুর ব্যাটালিয়নের (বিজিবি ১৭) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান, গতকাল শুক্রবার দুপুরে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বিজিবির নীলডুমুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ খুরমী বিওপির দক্ষিণ দিকে আনুমানিক ৩.৫ কিলোমিটার দূরে কালিন্দী নদীর মধ্যবর্তী চর এলাকার ‘বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট’ নামক স্থানে এ ঘটনা ঘটে। সেখানে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোটে করে অজ্ঞাত ১০-১২ ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
বিষয়টি খুরমী বিওপির টহল দলের নজরে আসামাত্রই বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং অনুপ্রবেশে সরাসরি বাধা প্রদান করেন। বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হন এবং ওই ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হন।
নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, ‘দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখ-ে প্রবেশ করতে দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা ও প্রচলিত দ্বিপক্ষীয় সমঝোতা লঙ্ঘন করে যেকোনো ধরনের পুশইনের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।