দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯০ জন। চলতি মাসের ১১ দিনে ১৩ হাজার ৩৭৪ জন ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ৪৪ জনের। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু-বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের একজন চট্টগ্রামে ও একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের একজন শিশু। তার বয়স শূন্য থেকে ৫ বছরে নিচে। অপর জন পুরুষ। বয়স ৪১ তেকে ৪৫ বছরের মধ্যে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ১৯৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনায় ৬০ জন, ময়মনসিংহে ৭৩ জন, রাজশাহী ৩৩ জন, রংপুরে ৩৮ জন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৭৮৮ জন।
¯হামে তিন শিশুর মৃত্যু : গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৭৭ হামের উপসর্গের রোগী পাওয়া গেছে। হাম শনাক্ত হয়েছে ৩৪ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে এক হাজার ১২ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০০ শিশুর। বাকি ৯১২ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্রে প্রকাশিত হাম পরিস্থিতিবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট এক লাখ ৬৯ হাজার ৮২২ সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১৯ হাজার ৯৬৭ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন ঢাকায়, চট্টগ্রামে দুজন। ২৪ ঘণ্টায় হামের উপসর্গের বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে; ৪৪৩ জন। যে ৩৪ জনের হাম শনাক্ত হয়েছে, সবাই ঢাকা বিভাগের।