শিশুদের প্রিয় বন্ধু বিড়াল। কিন্তু কীভাবে হলো এই বন্ধুত্ব? এই নিয়ে কল্পনার শেষ নেই। গল্পের সঙ্গে ইতিহাসের যোগ একটু কম থাকলেও যেহেতু চলে, তাই গল্পের গরু মাঝে মাঝে গাছেও চড়ে। ছোট্ট বন্ধুরা তাতে কিছু মনেও করে না যদি তাদের গল্পটা ভালো লাগে। কীভাবে বিড়াল আর মানুষের বন্ধুত্ব হলো, মামুন রশীদের বেড়াল গল্পটা শিশুদের সেই কৌতূহল মেটাবে। আশা করি ছোট্ট বন্ধুরা এটাকে গল্প হিসেবেই নেবে। শিশুদের আরেকটা পছন্দের বিষয় হলো ভূত! ভূতের ভয় পেতে মজা, ভূতের গল্প শুনতে মজা। শুধু বাস্তবে ভূতের সঙ্গে দেখা না হলেই হলো। কিন্তু যদি ভূতের সঙ্গে একদিন দেখা হয়ে যায়, তাহলে? বিষয়টি কেমন হতে পারে, সেটিই জানিয়েছেন মামুন রশীদ তার ভূতের সঙ্গে একদিন গল্পে। তোমাদের জন্য তার লেখা ছোট্ট বইটির নামও একই, ভূতের সঙ্গে একদিন। এই বইটিতে আরও কয়েকটি গল্প রয়েছে, ডাইনি বুড়ি ও নীলা, উল্টা ডাবের হাই ভাই, কোয়েল ও কচ্ছপ এবং স্বপ্ন। গল্পগুলো তোমাদের ভালো লাগবে। কারণ বইটি তোমাদের ভেবেই লেখা হয়েছে। বইয়ের পাতায় পাতায় খুঁজে পাবে তোমাদের বয়সী ছেলেমেয়েদের, যারা গল্পগুলোর কেন্দ্রীয় চরিত্র।