৩০ বছর পর নিলামে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’

ইতিহাসের অন্যতম আলোচিত ফ্যাশন আইকন প্রিন্সেস ডায়ানার সেই বিখ্যাত ‘রিভেঞ্জ ড্রেস’ প্রায় তিন দশক পর আবারও নিলামে উঠতে যাচ্ছে। আগামী ৯ ডিসেম্বর নিউ ইয়র্কে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সোথবির বিশেষ ফ্যাশন নিলামে তোলা হবে কালজয়ী এই পোশাকটি। ১৯৯৪ সালে গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্টাম্বোলিয়ানের তৈরি এই কালো সিল্কের অফ-দ্য-শোল্ডার গাউনটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ মার্কিন ডলার।

সেদিন রাতে তৎকালীন প্রিন্স অব ওয়েলস চার্লস টেলিভিশনে প্রকাশ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। ভ্যানিটি ফেয়ারের আয়োজনে চরম আত্মবিশ^াসী ভঙ্গিতে এই পোশাকে ক্যামেরার সামনে হাজির হন ডায়ানা। মুহূর্তেই বিশ^জুড়ে আলোড়ন ফেলা এই পোশাকটি ‘রিভেঞ্জ ড্রেস’ নামে পরিচিতি লাভ করে।

সোথবির মতে, বিংশ শতাব্দীর সবচেয়ে স্মরণীয় ফ্যাশন মুহূর্তগুলোর অন্যতম প্রতীক হলো ডায়ানার এই লুক। নিউ ইয়র্কে চূড়ান্ত নিলামে তোলার আগে ঐতিহাসিক এই গাউনটি লন্ডন, হংকং ও জেনেভায় সাধারণ দর্শকদের জন্য প্রদর্শন করা হবে।