শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার 

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ চারজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সৌরভ ও সাড়ে ১০ টার দিকে ওবায়দুল্লাহ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সৌরভ (২০) নরসিংদী জেলার শিবপুর থানার মজনু মিয়ার ছেলে ও ওবায়দুল্লাহ (৩৮) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে বলে নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কোহিনূর মিয়া। 

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন গাজীপুরের কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোছা. শান্তা (১৬) এবং টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪)। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি, স্থানীয় লোকজন ও স্বজনরা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে নিখোঁজ শান্তা, শান্ত ও ওবায়দুল্লাহ বেড়াতে এসেছিলেন।

বিকালে বাড়ির সদস্যদের সাথে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানার কারণে নদীর প্রবল স্রোতে তিনজনই পানিতে তলিয়ে যায়। এসময় তাদের উদ্ধার করতে গিয়ে স্বজন সৌরভও নদীতে তলিয়ে যায়। 

পরে স্থানীয়রা নদীতে নেমেও কারও কোন সন্ধান পাননি। পরে শিবপুর ফায়ার সার্ভিসকে জানানো হলে বিকাল সাড়ে ৪টায় ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও কারও খোঁজ মেলেনি।  

সন্ধান না পাওয়ায় শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করেন ফায়ার সার্ভিস। পরে আজ শনিবার সকালে দুইজনের লাশ উদ্ধার করা ফায়ার সার্ভিসের ডুবুরিদল।