খুলনা মহানগরীর দৌলতপুরে দুর্বৃত্তদের ‘গুলি’তে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দৌলতপুরের কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে ও ইস্পাহানি জুট প্রেসের শ্রমিক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে কুলিবাগান মোড়ে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে জলিলের বুক ও পিঠে গুলি লাগে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, তার কাছে কে বা কারা চাঁদা চেয়েছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অপরাধীদের ধরার চেষ্টা চলছে।