মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম হলো মেয়েরা

জুনিয়র এশিয়া কাপ উইমেনস হকিতে জয়ের মাধ্যমে মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। শনিবার চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে পঞ্চম স্থান অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০২৩ সালের আসরে নবম স্থানে শেষ করা বাংলাদেশের জন্য এই ফলাফল একটি বড় অর্জন ও ধারাবাহিক উন্নতির প্রমাণ।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে বাংলাদেশ। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও তা গোলে রূপান্তর করতে না পারায় দুই দল গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায়।

তৃতীয় কোয়ার্টারে এসে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। অধিনায়ক সারিকা রিমন পেনাল্টি স্ট্রোক থেকে নিখুঁত শটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর চতুর্থ কোয়ার্টারে কোনাল আক্তার দুর্দান্ত এক ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন, যা বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত করে ফেলে। খেলার ৫৯তম মিনিটে মালয়েশিয়া এক গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

গ্রুপ পর্বের সাফল্য ও কোয়ার্টার ফাইনালের হতাশা

গ্রুপ পর্বে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত থেকে সেরা হয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে তারা একে একে চাইনিজ তাইপেকে ৭-০, পাকিস্তান কে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল। তবে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জাপানের কাছে ২-০ ব্যবধানে হেরে শেষ চারে ওঠার স্বপ্ন ভঙ্গ হয়, যার ফলে আগামী জুনিয়র বিশ্বকাপে সরাসরি খেলার পথ আপাতত কঠিন হয়ে পড়ে।

বিশ্বকাপে খেলার সমীকরণ

সেমিফাইনালে পৌঁছাতে না পারলেও বাংলাদেশের সামনে বিশ্বকাপের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, আগামী বছর ভারত যদি জুনিয়র বিশ্বকাপের আয়োজক হিসেবে স্বয়ংক্রিয় যোগ্যতা অর্জন করে, তবে এশিয়া মহাদেশ থেকে অতিরিক্ত একটি দেশ বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে। জুনিয়র এশিয়া কাপে পঞ্চম স্থান নিশ্চিত করায় সেই সুযোগটি পাওয়ার দৌড়ে সবার সামনে থাকবে বাংলাদেশ।