নানা-লুকোচুরির পর এবার নতুন অধ্যায়ে পা রাখলেন মার্কিন পপ তারকা স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা। বিশ্বের কাছে যিনি লেডি গাগা নামে পরিচিত। বিয়ের আগেই প্রথম সন্তানের জন্ম দিলেন তিনি।
বেশ কয়েকদিন ধরেই হদিস মিলছিল না মার্কিন পপতারকা লেডি গাগা। সেইসঙ্গে তার বাগদত্তা মাইকেল পোলানস্কিরও খবর পাওয়া না যাওয়ায় বিষয়টি বেশ কৌতুহলের জন্ম দেন। লেডি গাগা ও পোলানস্কির ঘনিষ্ঠদের ধারণা ছিল, বাগদান শেষে চুপিসারে হানিমুনে গেছেন এই যুগল। দুইদিন আগে দেশ রূপান্তর অনলাইনে বিষয়টি নিয়ে সংবাদও প্রকাশ হয়।
কিন্ত কয়েক ঘণ্টা পার হওয়ার পরই সামনে এল আসল সত্য। বিয়ের আগেই সন্তান জন্ম দিলেন ‘দ্বিতীয় ম্যাডোনা’ বলে পরিচিতি পাওয়া গায়িকা ও অভিনেত্রী গাগা। ‘পেজ সিক্স’-এর তথ্য অনুযায়ী,দম্পতি হিসেবে তারা নিজেদের সম্পর্কটি মূলত গোপনেই রেখেছেন। এখন পর্যন্ত গাগা বা পোলানস্কি কেউই তাদের সন্তানের নাম, লিঙ্গ বা জন্মতারিখ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় এই জুটিকে তাদের সন্তানের সঙ্গে দেখা গেছে। গাগা ও পোলানস্কি হাঁটতে বের হওয়ার সময় গাগাকে সন্তানকে বুকে জড়িয়ে ধরে রাখতে দেখা যায়। সন্তানের সঙ্গে এটিই তাদের প্রথম প্রকাশ্য উপস্থিতি।
যদিও বেশ কিছুদিন ধরেই মাতৃত্বকে নিজের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করে আসছিলেন গাগা। ২০২৫ সালের মার্চে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবার গঠনের ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন এই সংগীতশিল্পী। পরবর্তীতে ‘দ্য স্টিফেন কোলবার্ট শো’তেও তিনি সন্তান লালন-পালনকে তার জীবনের প্রধান ভূমিকা হিসেবে বর্ণনা করেন। গত এপ্রিলে গাগা তার দীর্ঘ ৯ মাসব্যাপী ‘মেহেম বল ট্যুর’ সমাপ্ত করেন।
বিশ্বজুড়ে ৮৬টি শো সম্পন্ন করার পর থেকেই তিনি কিছুটা প্রচারবিমুখ জীবন যাপন করছিলেন। ২০২০ সালের শুরুতে লাস ভেগাসের এক পার্টিতে গাগা ও পোলানস্কির সম্পর্কের গুঞ্জন শুরু হলেও পরবর্তীতে মায়ামির সুপার বোলে তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ঘোষণা দেন। ২০২৪ সালের জুলাইয়ে প্যারিস অলিম্পিক চলাকালীন ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালের কাছে মাইকেলকে নিজের বাগদত্তা হিসেবে পরিচয় করিয়ে দেন গাগা। তারা ২০১৯ সালের দিকে ডেটিং শুরু করেন এবং পরের বছর তাদের সম্পর্কটি প্রকাশ্যে আসে। এরপর ২০২৪ সালে পোলানস্কি গাগাকে প্রপোজ করেন।