অজ্ঞাত ব্যক্তির পচে যাওয়া ৬ টুকরা মরদেহ উদ্ধার 

ফরিদপুরের মধুখালীতে ধানখেতের পাশ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভরা এক অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, মধুখালী উপজেলার বোয়ালিয়া স্ট্যান্ডের পাশে লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধান ক্ষেতে তিনটি মুখ বাঁধা প্লাস্টিকের বস্তা দেখতে পায় স্থানীয় পথচারীরা। পরে তারা জরুরী সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়।

এরপর খবর পেয়ে মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং মধুখালী থানার এসআই মাসুদুর রহমান নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তা তিনটির মুখ খুললে সেগুলোর ভেতর থেকে ৩৫ থেকে ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হলে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য আন্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার রহস্য উদঘাটন ও নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।