দুর্যোগ কবলিত নেপালিদের জন্য টি-২০ সিরিজ খেলতে চায় বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছে নেপাল। শুক্রবার ঢাকায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে আলোচনায় দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ আয়োজনের প্রস্তাব দেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। রাষ্ট্রদূত বলেন, ‘সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আমাদের জনগণের জন্য অনুপ্রেরণা প্রয়োজন। আমরা বাংলাদেশকে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের অনুরোধ করছি। আমাদের দল বাংলাদেশ সফরে আসতে পুরোপুরি প্রস্তুত। একইভাবে বাংলাদেশ দলকে নেপালে স্বাগত জানাতেও আমরা প্রস্তুত।’

আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস মিরপুরে সাংবাদিকদের জানিয়েছেন, 'নেপাল ক্রিকেট বোর্ড আমাদের কাছে বেশ কিছুদিন আগেই একটি প্রস্তাব পাঠিয়েছিল, যেখানে তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক খেলার আগ্রহ প্রকাশ করেছে। বিসিবি সে আহ্বানটাকে খুব ইতিবাচকভাবে নিয়েছে। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা হচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক মেলে, কারণ আমাদের এফটিপি খুবই ব্যস্ত। এরপরও আমরা একটি সুবিধাজনক সময় বেছে নেওয়ার চেষ্টা করছি। যদি সবকিছু ঠিকঠাক হয়, আশা করি এই সিরিজটি হতে পারে।'

২০২৭ সাল পর্যন্ত বর্তমান সূচির মধ্যে নেপালের বিপক্ষে সিরিজ আয়োজনের সুযোগ খুঁজছে বিসিবি। এ বিষয়ে এখনো সময়, ভেন্যু কিংবা ম্যাচসংখ্যা চূড়ান্ত হয়নি। সিরিজটি কবে হবে, সেটি নির্ভর করছে দুই বোর্ডের আলোচনার পাশাপাশি বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচির ওপর।

নাফীস আরও বলেন, 'এই চক্রটি ২০২৭ সাল পর্যন্ত। এই চক্রের মধ্যেই আমাদের ইচ্ছা আছে এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেই অনুরোধটাও আছে। আমরা ইতিবাচকভাবে সমাধানের চেষ্টা করছি। যখন এটা বলার মতো পর্যায় যাবে বা আমরা এমন অবস্থানে আসতে পারব, তখন আমরা বলতে পারব যে হচ্ছে বা হচ্ছে না। তবে এতটুকু নিশ্চিত করতে পারি যে, নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে যোগাযোগ হয়েছে এবং এটা আমরা ইতিবাচকভাবে দেখছি।'