সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক এশিয়ার চুক্তি

সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল থেকে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক এশিয়া পিএলসির মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এ. এন. হামিদুল্লাহ কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জুলকার নাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং ব্যাংক এশিয়ার হেড অব স্মল বিজনেস মোহাম্মদ সাউফুদ্দৌলা।

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ/বিনিয়োগ সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মন্থর অর্থনীতির চাকা গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এ তহবিল গঠন করে।

এ তহবিলের আওতায় সাধারণভাবে সচল সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো, যারা প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারছে না, তারা মাত্র ৯ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা পাবে।