মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পাটুরিয়া নৌ থানা পুলিশ। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটের রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় এসব জাল উদ্ধার করা হয়। পাঁচ বস্তায় থাকা মোট ৩৪ পিস নতুন চায়না দুয়ারী জালের আনুমানিক মূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা।
অভিযানে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী ও পাটুরিয়া নৌ থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
পরে পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটের নদীর তীরে ইউএনও ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা ৩৪ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনীষা রানী কর্মকার জানান, চায়না দুয়ারী নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরার কারণে জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।