সহকর্মী-স্বজনদের চোখের জলে পুলক চ্যাটার্জির বিদায়

বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া নগরীর কাউনিয়ার মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুর পৌনে ২টায় স্বজন ও সহকর্মীদের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এর আগে গতকাল বেলা ১১টায় পুলক চ্যাটার্জির মরদেহ বরিশাল প্রেস ক্লাবে নিয়ে আসে হয়। প্রেস ক্লাবে মরদেহ নিয়ে আসার পর সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা। এ সময় বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ উপস্থিত জ্যেষ্ঠ সাংবাদিকরা শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আকতার জাহান শিরিন।

সমকালের বরিশাল অফিসপ্রধান সুমন চৌধুরী জানিয়েছেন, তাকে উল্লেখ করে পুলক চ্যাটার্জি একটি চিঠি লিখে গেছেন। সেখানে তিনি সমকাল পত্রিকায় পাওনা টাকা আদায় করে বৌদির হাতে দেওয়ার জন্য বলেছেন। আমি বিষয়টি অফিসকে অবহিত করেছি।

গত শুক্রবার রাতে বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নগরীর প্যারারা রোডে সমকালের ব্যুরো অফিস থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের সঙ্গে উদ্ধার করা হয়েছে পাঁচটি সুইসাইড নোট। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত সম্পন্ন করে গতকাল মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বরিশাল প্রেস ক্লাবের সামনে মরদেহে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে বরিশাল কলেজসংলগ্ন উত্তর মল্লিক রোডে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে পারিবারিক ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে দুপুর ২টার পর তার মরদেহ নিয়ে যাওয়া হয় বরিশাল মহাশ্মশানে। সম্পন্ন হয় শেষকৃত্য।