হামে আরও ৭ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮১৬ হামের উপসর্গের রোগী পাওয়া গেছে। হাম শনাক্ত হয়েছে ৩৯ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ১৯ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০০ শিশুর। বাকি ৯১৯ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র প্রকাশিত হাম পরিস্থিতিবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২০ হাজার ৬ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে। এ সময়ের মধ্যে হাম উপসর্গ নিয়ে ১ লাখ ৫০ হাজার ২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের পাঁচজন ঢাকায়, একজন চট্টগ্রাম ও খুলনায়। ২৪ ঘণ্টায় হাম উপসর্গের বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে; ৩৩৮ জন। যে ৩৯ জনের হাম শনাক্ত হয়েছে সবাই ঢাকা বিভাগের।