স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বর্তমানে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরি করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে ।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ও রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে পাড়াগাঁও ঈদগাহ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালের অনুমোদন দেওয়া হয়েছে। শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে। সবার সম্মিলিত সাহায্য ছাড়া স্বাস্থ্যসেবা উন্নতকরণ সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে কয়েক হাজার মানুষকে ১৩টি আলাদা বিভাগে বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখে বিনামূল্যে চিকিৎসাপত্র এবং ওষুধ প্রদান করেন।