হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলে দুইজন আহত হয়েছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদসহ বেশ কয়েকটি ভবন।
সৌদি সিভিল ডিফেন্স জানায়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি প্রজেক্টাইল সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলে আঘাত হানার পর দুইজন আহত হন এবং একটি মসজিদ ও বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) জাজানের আল-তুওয়াল গভর্নরেটে এসে পড়া ওই প্রজেক্টাইলের আঘাতে বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করাকে ‘আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, নির্ধারিত জরুরি ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে।
হুথিরা দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ছিল দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরাহতে অবস্থিত একটি সৌদি সামরিক ঘাঁটি।
সৌদি সিভিল ডিফেন্স জানায়, সেখানে বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করার পর খামিস মুশাইত গভর্নরেটে বিপদের পরিস্থিতি কেটে গেছে।
ইরান-সমর্থিত হুথিরা সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।