বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, পতাকা বৈঠক আজ

ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তাঁর নাম আসাদুল হক (৩৮)। তিনি তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে।

ঘটনার পর দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করছে। বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে একটি বাংলাদেশি চোরাকারবারি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে আসাদুল হক গুলিবিদ্ধ হয়ে আহত হন।

পরে তাকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন তার মৃত্যু হয় বলে বিভিন্ন দেশি-বিদেশি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিজিবি।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, নিহত আসাদুল হক প্রাথমিকভাবে একজন চিহ্নিত মাদক চোরাকারবারি হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে অবৈধ মানব পাচারের সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদক ও মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও জানায় বিজিবি।