কুমিল্লায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

কুমিল্লার মনোহরগঞ্জে ডোবা থেকে আরমান হোসেন (২২) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার বিনয়ঘর এলাকা থেকে গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিখোঁজের প্রায় দেড় মাস পর তার মরদেহ উদ্ধার করা হলো। অটোরিকশাচালক আরমান হোসেন পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আরমান। এ ঘটনায় তার মা নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের প্রায় এক মাস পর তথ্যপ্রযুক্তির সহায়তায় মনোহরগঞ্জের মুন্সিরহাট এলাকার সেলিমের গ্যারেজ থেকে চালকহীন অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। এ সময় ছিনতাই ও নিখোঁজের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে গতকাল বিকেলে বিনয়ঘর উত্তরপাড়া এলাকায় স্থানীয় কয়েকজন লোক গাছ কেটে পানিতে ভাসিয়ে নেওয়ার সময় একটি ডোবায় পচাগলা মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট থানা এবং নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহটি প্রাথমিকভাবে নিখোঁজ অটোরিকশাচালক আরমান হোসেনের বলেই ধারণা করা হচ্ছে। তবে মরদেহটি সম্পূর্ণ পচে যাওয়ায় পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে।

মনোহরগঞ্জ থানার ওসি মাকসুদ আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।