ব্রিকসের স্বাস্থ্য অঙ্গীকারের প্রশংসা করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

২০২৬ সালের ব্রিকস শীর্ষ সম্মেলনে উষ্ণ অভ্যর্থনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রস আধানোম গেব্রেয়াসুস। রবিবার (১৩ সেপ্টেম্বর) নিজের সামাজিক মাধ্যম এক্সে তিনি এ বার্তা জানান।    

এছাড়াও পোস্টে তিনি ব্রিকস নেতাদের ডব্লিউএইচও ও বহুপাক্ষিক সহযোগিতার প্রতি দৃঢ় সমর্থনের প্রশংসা করেন। একই সঙ্গে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে জোটের নেতাদের প্রতিশ্রুতিকেও স্বাগত জানান তিনি।

ডব্লিউএইচও প্রধান বলেন, ব্রিকস নেতাদের ঘোষণায় সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, স্বাস্থ্যব্যবস্থাকে আরও স্থিতিস্থাপক করে তোলা এবং ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ অঙ্গীকার রয়েছে।

তিনি বিশেষভাবে মহামারি চুক্তির আওতায় রোগজীবাণু প্রাপ্তি ও এর সুফল বণ্টন-সংক্রান্ত সংযোজনীর (প্যাথোজেন অ্যাক্সেস এন্ড বেনিফিট শেয়ারিং অ্যানেক্স) আলোচনা সফলভাবে শেষ করার উদ্যোগকে স্বাগত জানান। 

এ ছাড়া যক্ষ্মা নির্মূলের প্রচেষ্টা জোরদার করা, স্বাস্থ্যকর্মী বাহিনীকে শক্তিশালী করা, ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং প্রচলিত চিকিৎসাপদ্ধতির সঙ্গে ঐতিহ্যবাহী চিকিৎসাব্যবস্থার সমন্বয়ের বিষয়েও ব্রিকসের অঙ্গীকারের প্রশংসা করেন তিনি।

ডব্লিউএইচও প্রধানের মতে, এসব উদ্যোগ বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি ব্রিকস নেতাদের এই প্রতিশ্রুতিকে ‘হেলথ ফর অল’ বা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার বৈশ্বিক প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন।