২৪ ঘণ্টায় দেশ ছেড়ে পালাল ১,৪০০ ইয়েমেনি

বাব আল-মানদাব প্রণালিতে হুথি যোদ্ধারা নিয়ন্ত্রন জোরদার করার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১,৪০০ মানুষ ইয়েমেন ছেড়ে জিবুতিতে পাড়ি জমিয়েছেন বলে জানিয়েছেন দেশটির অর্থনীতি ও অর্থমন্ত্রী। খবর আল জাজিরার। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জিবুতির মন্ত্রী ইলিয়াস মুসা দাওয়ালেহ লিখেছেন, 'মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইয়েমেন থেকে ১,৪০০ শরণার্থী জিবুতিতে পৌঁছেছেন।' 

শুক্রবার অন্য একটি পোস্টে মন্ত্রী জানান, বাব-এল-মানদাব প্রণালি পার হওয়ার সময় নৌকার জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সমুদ্রে আটকা পড়া ৫০০ শরণার্থীকে উদ্ধার করা হয়। নারী ও শিশুসহ উদ্ধার হওয়া এই শরণার্থীরা পরবর্তীতে উপকূলীয় শহর ওবোকে এসে পৌঁছান।

ইয়েমেন উপকূল থেকে মাত্র ২০ কিলোমিটার (১২ মাইল) সমুদ্রপথ দূরে অবস্থিত ওবোক শহরটি বেশ কয়েক বছর ধরেই যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে পালানো মানুষের কাছে পছন্দের আশ্রয়স্থল। আবার অন্যদিকে, হর্ন অব আফ্রিকার অভিবাসীরাও উল্টো পথে এই বাব-এল-মানদাব প্রণালি ব্যবহার করে ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে পাড়ি জমান।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মানবিক সহায়তা সমন্বয়ক সাফিয়া ইব্রাহিম বার্তা সংস্থা এএফপি-কে বলেন, "নারী ও শিশুদের মতো ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মানুষেরা ওবোক উপকূলে এসে পৌঁছেছেন এবং আগামী দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।"

আইওএম শনিবার জানিয়েছে, গত জুলাই থেকে ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ার পর বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চারগুণ বেড়েছে এবং এ পর্যন্ত প্রায় ৭৬,০০০ মানুষ গৃহহীন হয়েছেন।

জিবুতিতে এমনিতেই বহু হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থী বসবাস করছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার ২০২৬ সালের মার্চের তথ্য অনুযায়ী, দেশটিতে নিবন্ধিত শরণার্থীর সংখ্যা ৩৬,০০০-এরও বেশি, যাদের অধিকাংশ এসেছে সোমালিয়া, ইথিওপিয়া ও ইয়েমেন থেকে।

গত বৃহস্পতিবার হুথিরা লোহিত সাগরের বন্দরনগরী মোখা দখল করে নেয় এবং এরপর বাব আল-মানদাব প্রণালির চারপাশের উপকূলীয় এলাকা ও দ্বীপগুলো নিয়ন্ত্রণে নেওয়া শুরু করে। হুথিদের এই দ্রুত অভিযানের ফলে হাজার হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাকবানাহ, জাবাল হাবাশি এবং আল-মাফারের মতো জেলাগুলোর পুরো গ্রাম ফাঁকা হয়ে গেছে।