হবিগঞ্জের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিংয়ের সময় জরুরি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রায় এক যুগ আগে স্থাপন করা হয়েছিল সোলার প্যানেল। কিন্তু দীর্ঘদিন ধরে সেটি অকেজো হয়ে পড়ে থাকায় সরকারের নেওয়া উদ্যোগের সুফল মিলছে না। রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে সোলার সিস্টেমটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে স্থাপিত সোলার প্যানেলটি বর্তমানে কোনো বিদ্যুৎ সরবরাহ করছে না। ঠিক কত বছর ধরে এটি অচল, সে বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ বলছে, অনেক আগেই সিস্টেমটি স্থাপন করা হয়েছিল।
স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, বিদ্যুৎ চলে গেলে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল রাখতে বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে একটি জেনারেটর থাকলেও সেটি মূলত অপারেশন থিয়েটারে বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহার করা হয়। এদিকে ওয়ার্ড, জরুরি বিভাগ (ইমার্জেন্সি) ও অফিসের দৈনন্দিন কার্যক্রম চালাতে স্থানীয়ভাবে মাসিক ভাড়ার ভিত্তিতে জেনারেটর সার্ভিস নেওয়া হয়।
ফলে দীর্ঘদিন ধরে অকেজো হয়ে থাকা সোলার সিস্টেমটি সচল করা গেলে একদিকে লোডশেডিংয়ের সময় হাসপাতালের বিদ্যুৎ সংকট মোকাবিলায় সহায়তা মিলতে পারে, অন্যদিকে ভাড়ায় জেনারেটর চালানোর ওপর নির্ভরশীলতাও কিছুটা কমানো সম্ভব হতে পারে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. ইমরুল হাসান বলেন, অনেক আগেই সোলার প্যানেলটি বসানো হয়েছিল। বর্তমানে এটি অচল ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে।