কমলগঞ্জে ধলাই নদীতে অটোরিকশা চালক নিখোঁজ

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রিতম এরিক (৪৫) নামে এক চালক ধলাই নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভানুগাছ বাজারের কুমড়াকাপন এলাকায় ধলাই নদীতে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করলেও চালকের সন্ধান মেলেনি। নিখোঁজ অটোরিকশা চালক উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার টমাস এরিকের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কুমড়াকাপন গ্রামে নদী তীরবর্তী স্থানে যাত্রী আনতে গিয়ে ধলাই নদীর বাঁধে অটোরিকশা ঘোরাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় গাড়িটি সরাসরি ধলাই নদীতে গিয়ে পড়ে। নদীর প্রবল স্রোত ও গভীর পানির কারণে অটোরিকশাটি তলিয়ে যেতে দেখে চালক চিৎকার করেন। তবে স্থানীয় আসার আগেই চালক নদীর স্রোতে হারিয়ে যান।

ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা উদ্ধারের চেষ্টা চালান। ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়। তবে চালককে উদ্ধার করা সম্ভব হয়নি।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুকুল ইসলাম বলেন, নিখোঁজ চালককে উদ্ধারে ডুবুরি দল আসছে। ডুবুরি দল পৌঁছানোর পর নদীতে উদ্ধার অভিযান চালানো হবে।