নিয়ন্ত্রণ হারিয়ে ধলাই নদীতে অটোরিকশা, নিখোঁজ চালক

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধলাই নদীতে পড়ে প্রিতম এরিক  নামে এক চালক নিখোঁজ হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভানুগাছ বাজারের কুমড়াকাপন এলাকায় নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ চালক প্রিতম এরিক (৪৫) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার টমাস এরিকের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, দুপুরে কুমড়াকাপন গ্রামে নদী তীরবর্তী স্থানে যাত্রী আনতে গিয়ে ধলাই নদীর বাঁধে অটোরিকশা ঘোরাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটেরিকশাটি সরাসরি ধলাই নদীতে গিয়ে পড়ে। নদীর প্রবল স্রোত ও গভীর পানির কারণে অটোরিকশাটি দ্রুত তলিয়ে যাচ্ছে দেখে চালক চিৎকার দিলে স্থানীয় আসার আগেই চালক নদীর স্রোতে হারিয়ে যান। ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে অটোরিকশা উদ্ধার করতে পারলেও চালককে উদ্ধার করা সম্ভব হয়নি।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুকুল ইসলাম বলেন, নিখোঁজ চালককে উদ্ধারে ডুবুরি দল আসছে। ডুবুরি দল পৌঁছানোর পর নদীতে উদ্ধার অভিযান চালানো হবে।