চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর সিনিয়র সহকারী জজ আদালতে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আইনজীবীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আইনজীবী সমিতি।
রবিবার (১৩সেপ্টেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় সমিতির সকল পর্যায়ের আইনজীবীরা অংশ নেন।
প্রতিবাদ সভায় অভিযোগ করে বক্তারা বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ উল্লিখিত তিনটি আদালতে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চলে আসছে। আইনজীবীদের সঙ্গে প্রায়ই অশোভন আচরণ করা হয়, যা বিচার বিভাগের জন্য অত্যন্ত অমর্যাদাকর। এতে বিচারপ্রার্থী মানুষও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এই অবস্থার দ্রুত অবসান না হলে আইনজীবীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন তারা।
প্রতিবাদ সভা শেষে জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে আদালত চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আদালতের বিভিন্ন চত্বর ঘুরে যাত্রাস্থলে গিয়ে শেষ হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল আলম মন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেষ্ঠ্য আইনজীবী অ্যাডভোকেট হারুনুর রশীদসহ সমিতির অন্যান্য নেতারা।