সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আপনাদের যদি সৎ সাহস থাকে, তবে পালিয়ে না থেকে দেশের আইন আদালতের মুখোমুখি হোন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুট করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে। তাদের প্রতিটি কর্মের হিসাব বাংলাদেশের মাটিতেই হবে।
আইন আদালতের মাধ্যমে মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, দেশের মানুষ আজ সচেতন। তারা বুঝতে পেরেছে স্বৈরাচারের দোসররা বিদেশে বসে এআই ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মব কালচার সৃষ্টি নানা উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে বিএনপি দলীয় কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের মতবিনিময় সভায় ত্যাগী নেতার মূল্যায়ন নিয়ে বেশ হট্টগোল সৃষ্টি হয়।
মন্ত্রী বলেন, বিএনপি কিন্তু এই দেশে থেকে এই দেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সবসময় মাঠে থেকে দায়িত্ব পালন করেছে। যদিও আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে। লাখ লখ নেতাকর্মীকে জেলখানায় নেয়া হয়েছে।
আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু বিএনপির নেতাকর্মীকে মনোবল একটুও তলাতে পারে নাই এবং বিএনপির কোনো নেতাকর্মী দলের প্রতি আনুগত্যের কোনো ধরণের কমতি দেখায় নাই।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির সদস্য ইউনুস শেখ, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ জেলা, উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
নেতা কর্মীদের সাথে মতবিনিময়ের পরে তিনি জেলা প্রশাসনের সেমিনার কক্ষে জেলা আইন শৃংখলা সভায় যোগ দেন। জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।