উজিরপুরে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এম পি সান্টু

বরিশালের উজিরপুর উপজেলার সানুহার-ধামুড়া-জল্লা-সাতলা সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সানুহারে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ১৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে সড়কটির ৮ কিলোমিটার অংশ উন্নয়ন করা হবে। দীর্ঘদিন ধরে সড়কটির নির্মাণকাজ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছিল। নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয়রা। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সহসভাপতি মো. আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন যুগলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান শাহিন শিকদার, উপজেলা যুবদল সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদ, উপজেলা শ্রমিক দল সভাপতি জিয়াউল আমিন রাড়ি, সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেড, বরিশাল বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ মিরাজ হোসেন ডালিম শিকদারসহ স্থানীয় নেতারা। 

বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সড়কটির চেইনেজ ০.০০ থেকে ৮,০০০ মিটার পর্যন্ত উন্নয়ন করা হবে। এ কাজের চুক্তিমূল্য ১৪ কোটি ২০ লাখ ৯৯ হাজার ২৬০ টাকা। কিশোরগঞ্জের ভৈরব এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মনিরুল হক কাজটি বাস্তবায়ন করছে।

এদিকে, নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের ভূমিকা নিয়ে স্থানীয়দের কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীর বক্তব্য পাওয়া যায়নি।