জাবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটিতে মুন্না-শরিফুল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী মুন্না গাজী এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী শরিফুল ইসলাম।

সমিতির প্রধান উপদেষ্টা দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. মনজুর ইলাহী, অন্যান্য উপদেষ্টা এবং আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মুন্না গাজী বর্তমানে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ সংসদের ভিপি এবং শরিফুল ইসলাম শহীদ রফিক-জব্বার হল সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে সভাপতি মুন্না গাজী বলেন, এই দায়িত্বকে তিনি কোনো পদ হিসেবে নয়, সাতক্ষীরার শিক্ষার্থীদের প্রতি অঙ্গীকার হিসেবে দেখছেন। সাতক্ষীরার শিক্ষার্থীদের পাশে থাকা, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং সমিতিকে আরও ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য বলে জানান তিনি। সবার সহযোগিতা ও মতামত নিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন মুন্না গাজী।

সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, সাতক্ষীরা তাঁর কাছে গর্ব ও আবেগের জায়গা। সাতক্ষীরার মানুষের জন্য কিছু করতে পারা তাঁর কাছে আনন্দের। সাতক্ষীরার মানুষকে ভালোবাসেন উল্লেখ করে তিনি তাঁদের কল্যাণে ছোট-বড় যেকোনো পরিসরে আজীবন কাজ করে যাওয়ার প্রত্যয় জানান।

অনুমোদনপত্রে নতুন কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।