সায়মা ওয়াজেদ কীভাবে ডাব্লিউ এইচও’তে নিয়োগ পান: প্রশ্ন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ও বিতর্কিত’ হিসেবে অভিহিত করে তিনি কী প্রক্রিয়ায় এ পদে নিয়োগ পেয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুলের এ পদে নিয়োগ অত্যন্ত দুর্ভাগ্যজনক ও বিতর্কিত।’

হুমায়ুন কবির অভিযোগ করেন, সায়মা ওয়াজেদের এত উচ্চপর্যায়ের একটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা বা দক্ষতা ছিল না। তিনি দাবি করেন, আগের সরকারের সময়ে স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এ পদ লাভ করেন।

তিনি বলেন, এ কারণে তার নিয়োগকে ঘিরে প্রশ্ন ও তদন্তের সূত্রপাত হওয়াটা বিস্ময়কর নয়।

প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন, সায়মা ওয়াজেদকে এ পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় জালিয়াতি, তথ্য গোপন এবং প্রভাব খাটানোর ঘটনা জড়িত ছিল।

হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর বিশ্বাসযোগ্যতা ও মর্যাদা সুরক্ষায় তাদের নিয়োগপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ, কঠোর ও মেধাভিত্তিক করা উচিত।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য এটি লজ্জার।’ রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের সঙ্গে সম্পর্ক থাকার কারণে কাউকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে নিয়োগ দেওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্ব, বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময় বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় সংস্থাটির ভূমিকার কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, এমন একটি প্রতিষ্ঠানের নেতৃত্বে প্রয়োজনীয় যোগ্যতা, সততা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের থাকা উচিত।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত তাদের নিয়োগপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কঠোর করা।’

হুমায়ুন কবির বলেন, কার্যকর নেতৃত্ব দেওয়ার সক্ষমতাসম্পন্ন যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের নেতৃত্ব নির্বাচনের পরবর্তী প্রক্রিয়ার আগে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা যথাযথ যোগ্যতাসম্পন্ন একজন প্রার্থীর পক্ষে থাকবে।

তিনি বলেন, ‘আমরা আশা করি, ভবিষ্যতে আমরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন একজন প্রার্থীকে সমর্থন করব।’

তিনি মালদ্বীপের কোনো প্রার্থীকে বিবেচনার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, এ ধরনের কোনো প্রার্থীর ভালো কর্মদক্ষতার রেকর্ড ও প্রয়োজনীয় যোগ্যতা থাকতে পারে।

হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ আঞ্চলিক সংস্থার নেতৃত্ব সক্ষম ব্যক্তিদের হাতে থাকবে।