১০ জন নিয়েও চরম বিতর্কিত ম্যানচেস্টার ডার্বি জিতলো সিটি

ওল্ড ট্রাফোর্ডে উত্তেজনায় ঠাসা ম্যানচেস্টার ডার্বিতে নাটকীয় এক জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধেই ফিল ফোডেন লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও, এরলিং হ্যালান্ডের বিতর্কিত গোল এবং দুর্দান্ত লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে পরাজিত করেছে পেপ গার্দিওলার দল।

ম্যাচের শুরু থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে উত্তেজনা ছড়ায়। ম্যাচের বয়স তখন মাত্র ২৩ মিনিট, ব্রুনো ফার্নান্দেজের ফাউলের শিকার হয়ে মাটিতে পড়ে যান ফিল ফোডেন। তবে মেজাজ হারিয়ে মাটিতে থাকা অবস্থাতেই ব্রুনোকে পিছন থেকে শট মেরে বসেন এই ইংলিশ প্লেমেকার।মেজাজ হারিয়ে মাটিতে থাকা অবস্থাতেই ব্রুনোকে পিছন থেকে শট মেরে বসেন ফোডেন 

রেফারি বিন্দুমাত্র সময় না নিয়ে ফোডেনকে সরাসরি লাল কার্ড দেখালে দশ জনের দলে পরিণত হয় ম্যানচেস্টার সিটি। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ১০ জন নিয়ে খেলে ম্যাচ পার করতে হয় তাদের।

রেড কার্ডের ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে সিটিকে জয় এনে দেন এর্লিং হ্যালান্ড। ৬০তম মিনিটে নরওয়েজিয়ান এই স্ট্রাইকার বল জালে জড়ালে প্রথমে অফসাইডের বাঁশি বাজান রেফারি। তবে ভিএআর চেক করার পর গোলটি বহাল রাখা হয়, যা নিয়ে মাঠে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। প্রিমিয়ার লিগের ম্যাচ পরবর্তী বিবৃতিতে জানানো হয়, হ্যালান্ড অনসাইড পজিশনেই ছিলেন এবং অফসাইডে থাকা ফার্নান্দেজ খেলায় কোনো প্রভাব ফেলেননি।