এআই উন্নয়নে লাগাম টানার আহ্বান, সমর্থনে মাস্ক-অল্টম্যান

শক্তিশালী এআই মডেলের দ্রুত উন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর গতি কমানোর আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই। তার বক্তব্যকে সমর্থন করেছেন ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান ও এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে আমোদেই বলেন, এআই মানবজাতির জন্য বড় সুফল বয়ে আনতে পারে। তবে এর দ্রুত বিকাশ মানুষের নিয়ন্ত্রণ হারানো, সাইবার হামলা, বায়োটেররিজম ও বড় অর্থনৈতিক বিপর্যয়ের মতো ঝুঁকি তৈরি করতে পারে।

তার মতে, এআই উন্নয়ন পুরোপুরি বন্ধ করা উচিত নয়; বরং সক্ষমতা বাড়ানোর গতি কমিয়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাড়তি সময় কাজে লাগানো প্রয়োজন।

আমোদেইয়ের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে অল্টম্যান বলেন, অত্যাধুনিক ‘ফ্রন্টিয়ার’ এআই মডেল তৈরিতে আরও সতর্ক হওয়া দরকার। স্বাধীন বাইরের বিশেষজ্ঞদের দিয়ে এআই সিস্টেমের ঝুঁকি যাচাইয়ের প্রস্তাবকেও তিনি সমর্থন করেন।

অন্যদিকে, মাস্ক এক্সে সংক্ষিপ্ত পোস্টে বলেন, ‘দারিও ঠিক বলেছেন।’ এ সময় তিনি এআইয়ের ঝুঁকি নিয়ে নিজের আগের সতর্কবার্তাও পুনরায় শেয়ার করেন।

এর মধ্যেই এআই গবেষক জ্যাকব ককসন পেশা ছাড়ার ঘোষণা দিয়ে অভিযোগ করেছেন, স্বয়ংক্রিয়ভাবে নিজেদের উন্নত করতে পারে—এমন এআই তৈরির প্রতিযোগিতায় মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।