মোহাম্মদ শাহরিয়ারকে সম্প্রতি নিজেদের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং হিসেবে নিয়োগ দিয়েছে স্যামসাং বাংলাদেশ।
নতুন দায়িত্বে তিনি পণ্যের সম্পূর্ণ লাইফ সাইকেল ব্যবস্থাপনা, গো-টু-মার্কেট (জিটিএম) কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন, মূল্য নির্ধারণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে দেশের মোবাইল ডিভাইস বাজারে স্যামসাংয়ের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করবেন।
গতকাল রবিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্যামসাংয়ের সঙ্গে ১২ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন মোহাম্মদ শাহরিয়ার। নতুন এ দায়িত্ব নেওয়ার আগে তিনি প্রতিষ্ঠানটির চিফ ম্যানেজার ও হেড অব সেলস টিম ট্রেনিং হিসেবে দায়িত্ব পালন করেন। হেড অব সেলস টিম ট্রেনিং হিসেবে তিনি ১৩ সদস্যের একটি দলের নেতৃত্ব দেন। এর পাশাপাশি তিনি নানা ধরনের প্রশিক্ষণ সামগ্রী তৈরি ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।
এ ছাড়া, আঞ্চলিক পর্যায়ের সেলস লিডার, বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ম্যানেজার এবং শতাধিক বিক্রয় প্রতিনিধির দক্ষতা উন্নয়নেও তিনি বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন। স্যামসাংয়ে যোগ দেওয়ার আগে তিনি রবি আজিয়াটা লিমিটেডের ডিজিটাল সার্ভিসেস বিভাগের ম্যানেজার হিসেবে কাজ করেছেন।