ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ভুল স্বীকার, এখন কি হবে

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয়সূচক গোলটি নিয়ে বিতর্ক থামছে না। ১০ জনের দল নিয়ে সিটির ১-০ গোলের জয়ে এরলিং হালান্ডের করা ওই গোলটি আদতে বৈধ ছিল না বলে স্বীকার করেছে প্রিমিয়ার লিগের ম্যাচ অফিসিয়ালদের নিয়ন্ত্রণকারী সংস্থা ‘প্রো রেফ’।

রবিবার ম্যাচের ৬০ মিনিটে জোস্কো গ্ভার্দিওলের ক্রস থেকে বল জালে জড়ান হালান্ড। প্রথমে সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললেও, দীর্ঘ সময় ধরে ভিএআর  চেক করার পর গোলটি বহাল রাখা হয়। সেসময় জানানো হয়েছিল, বল রিসিভ করার সময় হালান্ড প্রতিপক্ষের ডিফেন্ডার প্যাট্রিক ডোরগুর সঙ্গে লাইনেই ছিলেন।

গোলের সেই মুহুর্ত

তবে গোলটিতে নতুন জটিলতা তৈরি করে এনজো ফার্নান্দেজের অবস্থান। বলের দিকে এনজো এগিয়ে যাওয়ার সময় অফসাইড পজিশনে থাকলেও তিনি বলে কোনো স্পর্শ করেননি—এই যুক্তিতে গোলটি দেওয়া হয়েছিল। কিন্তু ম্যাচ শেষে ম্যানইউ ডিফেন্ডার লিসান্দো মার্টিনেজ ও কোচ মাইকেল ক্যারিক এই সিদ্ধান্তকে ‘অন্যায্য’ ও ‘হতবাক করার মতো’ বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মার্টিনেজ জানান, এনজো অফসাইড পজিশনে থেকে বাধা দেওয়ায় তিনি হালান্ডকে মার্ক করতে পারেননি।

তুমুল সমালোচনার মুখে ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভুল স্বীকার করে বিবৃতি দেয় ‘প্রো রেফ’। সংস্থার এক মুখপাত্র জানান, “ম্যাচের ওই মুহূর্তে এনজো ফার্নান্দেজ বলে স্পর্শ করেননি ঠিকই, কিন্তু ভিএআর দল এনজোর অবস্থানের সম্ভাব্য প্রভাবটি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি। এটি আমাদের একটি বিচারিক ভুল ছিল এবং ভিএআর-এর উচিত ছিল মাঠের রেফারিকে অন-ফিল্ড রিভিউ দেখার পরামর্শ দেওয়া।”

 

ম্যাচটি ১-০ গোলে হেরে যাওয়ার পর এই ত্রুটিপূর্ণ সিদ্ধান্তকে ম্যানইউর জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে ক্ষমা চেয়ে ঘটনার আনুষ্ঠানিক পর্যালোচনার কথা জানিয়েছে রেফারিং বডি।