টঙ্গীতে পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। এসময় তার রেললাইনের পাথর নিয়ে পুলিশের ওপর নিক্ষেপ করলে এক কনস্টেবল আহত হন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার পর টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপন খবর পেয়ে একদল পুলিশ টঙ্গীর কেরানীরটেক বস্তি থেকে রাহুলকে গ্রেপ্তার করে। রাহুলের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে টঙ্গী রেলওয়ে স্টেশন হয়ে থানায় নেওয়ার পথে মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা রেললাইন থেকে পাথর তুলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে। পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ গুরুতর আহত হন। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে যায়।

পরে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। ছিনতাই হওয়া আসামিকে উদ্ধারে রাতেই বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, আমরা আসামি ও পুলিশের উপর আক্রমণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি৷