৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত তথ্যচিত্র 'নাজা' নতুন রেকর্ড 

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় এবং সামরিক অভিযানের বিভিন্ন তথ্য তুলে ধরা ‘নাজা’ তথ্যচিত্রটি ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শনীতেই ব্যাপক সাড়া পেয়েছে। ৮০ মিনিটের এই তথ্যচিত্রটি ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল জোর নির্মাণ করেছেন।

এসময় উৎসবে তথ্যচিত্রটি প্রদর্শনী শেষে প্রায় ২৫ মিনিট দাঁড়িয়ে ছবিটির নির্মাতাদের সম্মান জানায় দর্শকেরা।

৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে এবারের একমাত্র তথ্যচিত্র এটি। এর আগে ‘নো আদার ল্যান্ড’ ছবির জন্য ফিলিস্তিনি সহ-পরিচালক বাসেল আদরা ও হামদান বাল্লালের সঙ্গে ২০২৫ সালে অস্কার জেতেন আব্রাহাম ও জোর। খবর আলজাজিরা

প্রায় তিন বছরের তদন্তের ভিত্তিতে নির্মিত ‘নাজা’তে ইসরায়েলি সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্যের গোপন সাক্ষাৎকার নেওয়া হয়েছে। পরিচয় গোপন রাখার শর্তে কথা বলা এসব ব্যক্তির কণ্ঠ ও চেহারা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। তেল আবিবের একটি ছাদে রাতে তাদের সাক্ষাৎকার ধারণ করা হয়।

আব্রাহাম এএফপিকে বলেন, গাজায় হত্যাকাণ্ডের ব্যবস্থাগুলো কীভাবে পরিচালিত হয়েছে, তা যতটা সম্ভব বিস্তারিতভাবে তুলে ধরাই তাদের লক্ষ্য ছিল। ‘নাজা’ নামটি একটি হিব্রু গোয়েন্দা পরিভাষা থেকে নেওয়া। নির্দিষ্ট কোনো বিমান হামলায় আনুমানিক কতজন বেসামরিক মানুষ নিহত হতে পারেন, সেটি বোঝাতে ওই শব্দ ব্যবহার করা হয়।

চলচ্চিত্রটির নির্মাতা আব্রাহাম আশা করছেন, এই তথ্যচিত্র পশ্চিমা সরকারগুলোকে ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্বিবেচনা এবং নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ প্রয়োগে ভূমিকা রাখবে।

তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের ভেতরে যারা মানবাধিকার ও রাজনৈতিক সমাধানের পক্ষে কাজ করছেন, তাদের আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

ব্রিটিশ চলচ্চিত্রবিষয়ক বাণিজ্য প্রকাশনা ‘স্ক্রিন ইন্টারন্যাশনাল’ ছবিটিকে ‘জরুরি ও মর্মস্পর্শী ধাক্কা’ হিসেবে বর্ণনা করেছে। ‘দ্য হলিউড রিপোর্টার’ বলেছে, ছবিটি ক্ষোভের পাশাপাশি বর্তমান ইসরায়েলি সরকারের প্রতি তীব্র বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

যুক্তরাজ্যের জিম উইলসন ও ‘দ্য গার্ডিয়ান’ যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে। নির্বাহী প্রযোজকদের একজন জোনাথন গ্লেজার। তিনি ২০২৪ সালের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের অস্কারজয়ী ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ ছবির সঙ্গে যুক্ত ছিলেন।

ভেনিস উৎসবে ‘নাজা’র এই সাড়া গত বছরের ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ তথ্যচিত্রের কথাও মনে করিয়ে দিয়েছে। ওই ছবিটি প্রদর্শন শেষে ২৩ মিনিট দাঁড়িয়ে সম্মান পেয়েছিল এবং পরে ভেনিস উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার অর্জন করে।