দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সহযোদ্ধার ওপর হামলার অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন-নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল মমিন এবং পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক নুর আহমদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশিশক্তি প্রদর্শন করে সংগঠনের সহযোদ্ধাকে আহত করা এবং নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার ঢালুয়া হাইস্কুল গেট এলাকায় বিএনপি, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটি প্রতিবাদ মিছিলে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী মাহফুজুর রহমান, আমীর হামজা মুন্না ও সহিদসহ অন্তত ১৫ জন আহত হন। আহত ব্যক্তিরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
আহত নেতাকর্মীদের অভিযোগ, তাঁরা কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার অনুসারী। আর হামলাকারীরা বর্তমান সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতাকর্মীরা জানান, ঘটনার দিন ঢালুয়া বাইপাস সড়ক এলাকায় ছাত্রদল নেতা মাহফুজ, আমির হামজা মুন্না ও সহিদের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়।
মিছিলটি শেষ হওয়ার মুহূর্তে যুবদল নেতা আব্দুল মমিন, ছাত্রদল নেতা আলী হোসেন টিপু এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম সুজনের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। একই সময় ওই পক্ষটি এলাকায় পৃথক মিছিল বের করে। এ ঘটনার পর আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।