চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত দুই দিনব্যাপী ‘১ম আরসিএএসবিসি আন্তর্জাতিক সম্মেলন’ এর সমাপনী দিনে ডিজিটাল-বৈশ্বিক শাসন-আন্তর্জাতিক সম্পর্কে নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয় সমাপনী সেশনে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল- ফোরকান। এসময় বিষয়ভিত্তিক (থিমেটিক) ৩য় সেশনে ‘ডিজিটাল সার্বভৌমত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈশ্বিক শাসন’ নিয়ে আলোচনা করেন দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
সকাল পৌনে ১১টায় শুরু হওয়া চতুর্থ থিমেটিক সেশনের আলোচনার বিষয় ছিল ‘মানব নিরাপত্তা এবং জলবায়ু কূটনীতি’। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদীয়মান নানা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই দুটি বিষয়ের ভূমিকা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এরপর ৫ম থিমেটিক সেশনে বক্তারা ‘আন্তর্জাতিক সম্পর্কের নতুন পরিপ্রেক্ষিত’ নিয়ে তাদের গবেষণাধর্মী বক্তব্য ও মতবাদ উপস্থাপন করেন। পূর্ব নির্ধারিত ভেন্যুগুলোতে দুটি সমান্তরাল সেশনে নিবন্ধিত গবেষকরা তাদের নিজ নিজ গবেষণাপত্র উপস্থাপন করেন।
হংকং রিসার্চ সেন্টার ফর এশিয়ান স্টাডিজ- বাংলাদেশ সেন্টার (আরসিএএসবিসি) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ-এর উদ্যাগে এই কনফারেন্স আয়োজন করা হয়।
‘রিথিংকিং রুল-বেসড গ্লোবাল অর্ডার: মিডল অ্যান্ড স্মল স্টেটস ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড’ এই প্রতিপাদ্যে আয়োজিত দুই দিনব্যাপী ১ম আরসিএএসবিসি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চবির সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সম্মেলনে বিশ্বের ২৪টি দেশ থেকে মোট ৪৫৭টি গবেষণা-সারসংক্ষেপ জমা পড়েছে। জমা পড়া গবেষণা-সারসংক্ষেপগুলোতে ৮০০-এর বেশি স্বতন্ত্র লেখক ও গবেষক এবং বিশ্বের ১২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, থিংক ট্যাংক ও অন্যান্য একাডেমিক ও পেশাজীবী প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব রয়েছে।