ঢালিউডের এক সময়ের লড়ুাকু নায়ক মাহমুদ কলি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন তিনি। সেইসঙ্গে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের কাছে দোয়াও চেয়েছেন। মাহমুদ কলি লেখেন, ‘প্রিয় বন্ধু, বিনীতভাবে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি।’
তবে পোস্টে নিজের অসুস্থতার বিস্তারিত জানাননি মাহমুদ কলি। তার সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। এদিকে তার পোস্ট দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই মন্তব্যের ঘরে তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।
সত্তরের দশকের শেষ দিকে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন মাহমুদ কলি। সে সময় তার অভিনয় ও জনপ্রিয়তায় মুগ্ধ হন দর্শক। সোনালি দিনের এই অভিনেতার গ্রামের বাড়ি ফেনীতে। তার জন্ম, বেড়ে ওঠা সব ঢাকায়। তারা তিন ভাই, তিন বোন। একমাত্র মেয়ে বিদেশে পড়াশোনা করছেন। তার পারিবারিক নাম মাহমুদুর রহমান উসমানী। তিনি বাংলাদেশের স্বনামধন্য চিত্রনির্মাতা আজিজুর রহমান বুলি’র ছোট ভাই। মূলত ভাইয়ের হাত ধরেই তিনি চলচ্চিত্রে আসেন। এরপর দেখিয়েছেন অভিনয়ের মুন্সিয়ানা।