গোপালগঞ্জ সদর উপজেলায় পরি হাজরা নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বেদভিটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত পরি হাজরা (৬৫) ওই গ্রামের তুলশি হাজরার স্ত্রী। তিনি শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে নিখোঁজ ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার সকালে বাড়ির লোকজন নিজ বাড়ির উঠানের সামনে সবজি ক্ষেতের মধ্যে তার মরদেহ উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর পাঠায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।