শেকৃবিতে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ অভিযান কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদল ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযান কর্মসূচি পালন করেছে।

আজ সোমবার (১৪ই সেপ্টেম্বর) সকাল ১০টায় বিজয়-২৪ হল এবং বেগম রোকেয়া হলের মাঝখানের পুকুর পাড় থেকে কর্মসূচির উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সদস্য ও শেকৃবির সিন্ডিকেট সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। শেকৃবি ছাত্রদলের সভাপতি আহমদুল কবীর তাপসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. বেলাল হোসেন এবং ট্রেজারার প্রফেসর মো. আবুল বাশার। এছাড়া উপস্থিত ছিলেন স্টুডেন্ট অ্যাডভাইজার প্রফেসর ড. আশাবুল হকসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

ছবি: প্রতিনিধি

প্রধান অতিথির বক্তব্যে এমপি সানজিদা ইসলাম তুলি বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধের এ কর্মসূচি শুরু হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো, ডেঙ্গুর কারণে যেন অকালে আর কোনো প্রাণ ঝরে না যায়। আগামী তিন মাস আমাদের সবাইকে এই সচেতনতা নিয়ে কাজ করতে হবে।

ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, শেকৃবি ক্যাম্পাস পরিচ্ছন্ন থাকলে এখানকার সবাই সুস্থ থাকবে, যা ক্যাম্পাসের সম্মান বাড়াবে। আমার প্রত্যাশা, সর্বোচ্চ পরিচ্ছন্নতা নিশ্চিত করার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় পুরো ঢাকার জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।

অনুষ্ঠানের সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং ডেঙ্গু লক্ষণে দ্রুত চিকিৎসা নেওয়ার নির্দেশনা সংবলিত ব্যানার প্রদর্শন করা হয়। সবশেষে ফগার মেশিন দিয়ে মশা নিধনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শেষ হয়।