মৃত জোনাকিরা ঝরে পড়ছে চারপাশে,
অন্ধকারে চোখ হারিয়ে বসে আছে কেউ,
আঁশটে গন্ধে মাতাল হয়ে ছুটছে বুনো বিড়ালগুলো,
আর, তোমার স্মৃতি ফেরেনি এখনো!
পাগলাগারদে অন্যের সন্তান বুকে বসে আছ।
এদিকে আমার হারানোর ব্যথা কাটছে না;
ঘুম ভাঙার আগেই লাশ হয়ে যাচ্ছে যুবক,
যুবতীরা আড়ষ্ট ভয়ে, তীব্র প্রহরে দাঁড়িয়ে,
এমন ভ্রান্ত সময়ে কীভাবে তোমার কাছে যাই!
কোন ভুলের অভিযোগ করি? কে যেন বলেছিল—
ফেরার পথে ডালিম ফুলের সুবাস থাকে,
হাস্নাহেনা জেগে থাকে, থাকে ঝিঁঝির ডাক।
অথচ এ পথে স্বজনের পোড়া শরীরের গাঢ় গন্ধ,
আঁকাবাঁকা রক্তের রেখা মিলে গেছে সকালের সূর্যে,
বাতাসেরও বুক কাঁপে এ পথ পার হতে—
এমন নষ্ট সময়ে কোন পথে তোমার কাছে যাই!