ত্রিশালে ড্রামট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ময়মনসিংহের ত্রিশালে ড্রামট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (৩৮) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কানিহারী ইউনিয়নের তিরখী এলাকায় কালির বাজার-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 নিহত জসিম উদ্দিন ময়মনসিংহ কোতোয়ালি থানার সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে গফরগাঁও থেকে কালির বাজার হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে তিরখী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক (ট-২৪-১৩৬৬) বেপরোয়া গতিতে এসে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক জসিম উদ্দিন নিহত হন। 

এ সময় সিএনজিতে থাকা অজ্ঞাতনামা দুইজন মহিলা এবং তিনজন পুরুষ যাত্রী গুরুতর আহত হলে ফায়ার সার্ভিস কর্মীসহ স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ড্রামট্রাকের চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।