মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে প্রাণ গেল গোপালগঞ্জের প্রবাসী যুবকের

মালয়েশিয়ায় কর্মস্থলে কাজ করার সময় মাটিচাপা পড়ে মো. শরিফুল ইসলাম ফকির (৩২) নামে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ায় নিজ কর্মস্থলে কাজ করার সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবার।

নিহত শরিফুল ইসলাম ফকির টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের মধ্যেপাড়া এলাকার মো. নজরুল ইসলাম ফকিরের ছেলে। পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় প্রায় ৩ বছর আগে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি।

স্বজনরা জানান, প্রায় এক সপ্তাহ আগেও পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছিল শরিফুলের। সে সময় তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরে বিয়ে করার কথা জানিয়েছিলেন। দেশে ফিরে নতুন জীবন শুরুর সেই স্বপ্ন আর পূরণ হলো না তার। বিয়ের প্রস্তুতির বদলে এখন মরদেহ দেশে ফেরার অপেক্ষায় পরিবার।

শরিফুলের পরিবারে আগে থেকেই ছিল নানা সংকট। তার এক ভাই মাত্র সাত বছর বয়সে মারা যান। বড় ভাইও প্রতিবন্ধী। পরিবারের কর্মক্ষম সদস্য হিসেবে শরিফুলই ছিলেন অন্যতম প্রধান ভরসা। পরিবারের স্বচ্ছলতার আশায় বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করছিলেন তিনি।

শরিফুলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে নেমে আসে শোকের মাতম। ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন তার বৃদ্ধ বাবা মো. নজরুল ইসলাম ফকির। এ ঘটনায় এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।

শরিফুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।