মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি এলাকায় সুমি আক্তার নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আকবর হাওলাদারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে।
নিহতের পরিবারের অভিযোগ, প্রায় আড়াই বছর আগে উত্তর ঝিকরহাটি এলাকার ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক কলহ চলছিল। সম্প্রতি দুই লাখ টাকা যৌতুকের জন্য সুমিকে চাপ দেওয়া হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রায়ই মারধর করা হত।
পরিবারের দাবি, রবিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে সুমিকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত স্বামী আকবর হাওলাদার পালিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ।