শিল্পপ্রতিষ্ঠানের বিদেশি ঋণে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না

বিশেষায়িত অঞ্চলে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। তবে ইনভেস্ট বাংলাদেশ অথরিটিতে (সাবেক বিডা) নিবন্ধিত নয়—এমন শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি)। এতে গত ২ সেপ্টেম্বর জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩২-এর ২৭ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বিশেষায়িত অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ গ্রহণে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের যে শর্ত দেওয়া হয়েছিল, তা ইনভেস্ট বাংলাদেশ অথরিটিতে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সংশোধিত বিধান অনুযায়ী, ইনভেস্ট বাংলাদেশ অথরিটিতে নিবন্ধিত নয়—এমন বিশেষায়িত অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

এতে আরও বলা হয়েছে, সংশোধিত বিধানের আলোকে সাবেক অর্থনৈতিক অঞ্চল (ইজেড) কোম্পানিগুলোর বৈদেশিক ঋণের প্রস্তাব ইনভেস্ট বাংলাদেশ অথরিটির বৈদেশিক ঋণ/সাপ্লায়ার্স ক্রেডিট যাচাই কমিটির কাছে বিবেচনার জন্য জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩২/২০২৬-এর অন্যান্য বিধান অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট সব পক্ষকে সার্কুলারের বিষয়বস্তু অবহিত করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।