নেইমারের ব্রাজিল দলে ফেরা নিয়ে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। সম্প্রতি সিএনএন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ জানিয়েছেন, নেইমার জুনিয়র নিজেই নিশ্চিত করেছেন যে তিনি আর সেলেসাওদের জার্সিতে ফিরতে চান না। বিশ্বকাপে ব্যর্থতার পর এখন তরুণদের নিয়েই দীর্ঘমেয়াদী দল গড়তে চান এই ইতালিয়ান কোচ।

চলতি বছরের বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই দলে বড় পরিবর্তনের হাওয়া বইছে। টুর্নামেন্টে নেইমারের খেলা প্রসঙ্গে আনচেলত্তি বলেন, "নিজের মানের কারণেই নেইমার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল, তবে সে আগেই নিশ্চিত করেছে যে সে আর জাতীয় দলে ফিরতে চায় না। সে একজন অসাধারণ ও অনন্য প্রতিভাবান খেলোয়াড় ছিল, যাকে কখনো পুরোপুরি বিকল্প দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে এখন সময় এসেছে ব্রাজিলীয় তরুণদের দিকে মনোযোগ দেওয়ার।"

আধুনিক ফুটবলে ব্যক্তিগত চমকের চেয়ে সমন্বিত প্রচেষ্টার ওপর বেশি জোর দিচ্ছেন আনচেলত্তি। নেইমারকে উদ্দেশ করে কিছুটা কড়া সুরেই তিনি বলেন, "আমার মনে হয় আধুনিক ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলগত কাজ, কোনো একজন একক ফুটবলারের প্রতিভা নয়। আপনি যদি একজন দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড় পান, তবে জেতার সম্ভাবনা বাড়ে ঠিকই, কিন্তু আধুনিক ফুটবল দলগত পারফরম্যান্স ছাড়া চলতে পারে না।"
 
নেইমার অধ্যায় চুকিয়ে এখন ভবিষ্যতের দল গঠনে নজর দিচ্ছেন আনচেলত্তি। ২০২৪, ২০০৫ ও ২০০৬ এবং এমনকি ২০০8 সালে জন্ম নেওয়া উদীয়মান তরুণদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজানো হচ্ছে। যুব দলগুলোর কোচেদের সঙ্গে সমন্বয় করে এই প্রতিভাদের সঠিক বিকাশের পথ তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। আগামী প্রীতি ম্যাচগুলোতে এই নতুন মুখগুলোকে সুযোগ দিয়ে একটি শক্তিশালী ও বিশ্বমানের ব্রাজিল দল গড়ে তোলাই এখন মূল লক্ষ্য।