কুমিল্লায় জায়গা নিয়ে বিরোধে বোন ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের বিরুদ্ধে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার(১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার মুরাদনগর উপজেলার দরানীপাড়া গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় আরও ৪-৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন, দরানীপাড়া গ্রামের মৌলুভী বাড়ীর জসিম উদ্দিনের স্ত্রী খালেদা আক্তার, একই বাড়ীর মৃত বাচ্চু মিয়ার ছেলে মঞ্জুরুল ইসলাম টিটু(৩৫)। নিহতরা সম্পর্কে ফুফু ভাইপো।

স্থানীয় মোসলেম মিয়া ও  হুমায়ুন কবির জানান, বাড়ীর জায়গা নিয়ে চাচা আবু মিয়ার সাথে বোন খালেদা ও ভাতিজা টিটুর তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি থেকে মারামারি শুরু হয়। এরপর তারা মাটিতে পরে গেলে আমরা গৌরীপুর (দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নাঈমা হক রিফাত বলেন, দু'জনকেই মৃত অবস্থায় এখানে আনা হয়েছে। আর তাদের মাথায় ধারালো আঘাতে  জখমের চিহ্ন পাওয়া গেছে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে জানতে পারি মুরাদনগর উপজেলার ঘটনা। মরদেহ ময়নাতদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।