সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনো আন্দোলন সফল হয় না: রিজভী

সাংস্কৃতিক কর্মীদের ছাড়া কোনো রাজনৈতিক আন্দোলন সফল হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘একজন নেতার কথা বলছি’ শীর্ষক গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠানের আয়োজন করে।

রিজভী বলেন, সাংস্কৃতিক কর্মী বাহিনী যেই রাজনৈতিক দল বা আন্দোলনে থাকবে না, সেই আন্দোলন কখনোই সফল হবে না। বড় বড় মনীষীরাও এ কথা বলেছেন। প্রতিটি বৃহত্তর স্বাধীনতার সংগ্রাম ও গণতান্ত্রিক বিপ্লবে মূল সৈনিক হচ্ছে সাংস্কৃতিক বাহিনী। তারা প্রতিটি আন্দোলনের অগ্রগামী ও অগ্রসেনানী। সাংস্কৃতিক কর্মীরা সুসংগঠিত না থাকলে আন্দোলন সফল হয় না।

তিনি বলেন, একটি গান বা কলি সমাজ কিংবা রাষ্ট্রে সুনামির চেয়েও বড় তরঙ্গ তৈরি করতে পারে। এ প্রসঙ্গে ‘বিচারপতি তোমার বিচার করবে যারা’ এবং ‘দেশটা তোমার বাপের নাকি’—এ ধরনের গানের কথা উল্লেখ করেন তিনি।

রিজভী উদাহরণ দিয়ে বলেন, আসামে একটি গানের কারণে একজন শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছিল। কারণ সেখানে কট্টরপন্থী সরকার ছিল। তাঁর মতে, একটি গান ও একজন শিল্পীর শক্তি কয়েকটি এটম বোমার চেয়েও ভয়াবহ হতে পারে। এই শক্তি স্বৈরতন্ত্রকে নাড়িয়ে দিতে পারে।

বিএনপির এই নেতা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ফ্যাসিস্টদেরও সাংস্কৃতিক দল ও সাংস্কৃতিক কর্মী ছিল। হিটলারের নাৎসি বাহিনী ও মুসোলিনির ফ্যাসিস্ট শাসকদের অনেক বড় সাংস্কৃতিক কর্মী ও শিল্পী ছিলেন। তবে শিল্পী হলেই যে তিনি মানবতাবাদী হবেন, তা নয়।

রিজভী বলেন, আজকে রোকেয়া প্রাচীরা শেখ হাসিনার গুণগান গাইছেন এবং বহু চক্রান্তের সঙ্গে জড়িত হচ্ছেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হলেই যে তাঁর মন উদার ও মানবতাবাদী হবে, তা নয়। তাঁর মতে, যে ব্যক্তির মধ্যে জাতীয় কবি নজরুল ইসলামের গুণাবলি রয়েছে, তিনিই প্রকৃত অর্থে সাংস্কৃতিক ব্যক্তি।

নজরুলের ‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাহি মহীয়ান’ পঙ্‌ক্তি উল্লেখ করে তিনি বলেন, নজরুলের গুণাবলি ও শৈল্পিক বৈশিষ্ট্য যার মধ্যে আছে, তিনিই প্রকৃত অর্থে শিল্পী। অনেক শিল্পীর মধ্যে এসব গুণ না থাকলে তারা ফ্যাসিবাদের দোসর হতে পারেন।

তিনি আরও বলেন, আহনাফ, মুগ্ধ ও আবু সাঈদের মহিমান্বিত আত্মদান, তাদের শরীর থেকে রক্ত ঝরা এবং সাদা শার্ট রক্তে লাল হয়ে যাওয়ার দৃশ্য অনেকে দেখেনি। একই দেশের মানুষ হয়েও কেউ কেউ একটি ভয়ঙ্কর ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাসের যুগ্ম আহ্বায়ক ও গীতিকার-সুরকার ইথুন বাবু। জাসাসের সদস্য খালেদ এনাম মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, শাম্মী আক্তার এমপি ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন প্রমুখ।