ফের রক্তাক্ত মণিপুর নিহত চার

ব্রিকস সম্মেলন ঘিরে ভারতের রাজধানী দিল্লিতে যখন আভিজাত্যের জৌলুস, ঠিক তখন আবারও রক্তাক্ত হলো উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। রাজ্যটিতে নতুন করে সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন এক নারী। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, গত রবিবার তামেংলং ও নোনি জেলায় কুকি অধ্যুষিত গ্রামে জোড়া হামলায় এসব প্রাণহানি হয়েছে। কুকি সংগঠনগুলোর অভিযোগ, নাগা বিদ্রোহী সংগঠন এনএসসিএন (আইএম) ও জেডইউএফ (কে)-এর সদস্যরা এসব হামলার জন্য দায়ী। তবে এই অভিযোগের স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।  হামলার প্রতিবাদে গতকাল সোমবার ২৪ ঘণ্টার অর্থনৈতিক অবরোধের ঘোষণা দিয়েছে আঞ্চলিক সংগঠন কুকি ইনপি জিরি, তামেংলং ও নোনি।

কাইমাই গ্রাম কর্র্তৃপক্ষ জানিয়েছে, ভোর প্রায় ৪টার দিকে সশস্ত্র হামলাকারীরা একটি পরিবারের ওপর গুলিবর্ষণ করে। নিহত ব্যক্তিদের একজন সেইনেহ সিংসিত। হামলায় তার স্ত্রী লিংজাংগাইও নিহত হন। এ সময় তাদের ছয় বছরের ছেলে গুলিবিদ্ধ হয়েছে। আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রাম কর্র্তৃপক্ষ হামলাটিকে পরিকল্পিত ও সম্প্রদায়গুলোর মধ্যে বিভেদ তৈরির চেষ্টা হিসেবে বর্ণনা করেছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। এই হত্যাকাণ্ডে গভীর দুঃখ প্রকাশ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। তিনি বলেন, নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা করা কাপুরুষোচিত ও অগ্রহণযোগ্য।