বিশ্ব বাঁশ দিবস

প্রতি বছর ১৮ সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস পালিত হয়। ঘাস পরিবারের বৃহত্তম এই সদস্য শুধু প্রকৃতিরই অবিচ্ছেদ্য অংশ নয়, বরং মানুষের দৈনন্দিন জীবন ও শিল্প-সংস্কৃতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। বৈশ্বিকভাবে বাঁশ শিল্পের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৫ সালে বিশ্ব বাঁশ সংস্থা প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ২০০৯ সালে ব্যাংককে অনুষ্ঠিত অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেসে প্রতি বছর ১৮ সেপ্টেম্বরকে বিশ্ব বাঁশ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ‘বিশ্ব বাঁশ দিবস ২০২৬’-এর প্রতিপাদ্য, ‘Bamboo Beyond Borders, বাংলায় ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’। তাই বলা যায়, বাঁশ একটি আন্তর্জাতিক উদ্ভিদ। এ বছর পালিত হচ্ছে বিশ্ব বাঁশ দিবসের ১৮তম আয়োজন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি হ্রাস ও পরিবেশ রক্ষায় কার্যকরভাবে বাঁশের ব্যবহার জনপ্রিয় করে তোলা এই দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।