রাজধানীর মালিবাগে সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ শাখায় বহুতল ভবন থেকে পড়ে গুরুতর আহত অমিত ঘোষ মারা গেছে। এরপরই এ ঘটনা নিয়ে বিভিন্ন বক্তব্য ছড়িয়ে পড়েছে। তার ফেসবুক পোস্ট দেখে আত্মহত্যা করে থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে রাজধানীর শনির আখড়া এলাকায় রিয়া নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল পৌনে ৭টার দিকে চিকিৎসাধীন সে মারা গেছে।
শিক্ষকরা জানান, গত রবিবার সকাল ১০টা ৩৫ মিনিটে অমিত কলেজের ৬ নম্বর ভবনের ১১তলা থেকে পড়ে গুরুতর জখম হয়। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবার তাকে শ্যামলীর একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন গতকাল সোমবার সকাল পৌনে ৭টায় অমিতকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অমিত সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি ইংরেজি ভার্সনের ‘আইসোটোপ’ সেকশনের ছাত্র। এদিকে অমিতের ভবন থেকে পড়ে যাওয়া নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত, তা নিয়ে চলছে আলোচনা। শিক্ষকরা বলছেন, অমিত আত্মহত্যার উদ্দেশে ভবন থেকে লাফিয়ে পড়েছে। তবে অভিভাবকরা তা মানতে নারাজ। তারা বলছেন, ভবনটি নির্মাণাধীন। কোনো দুর্ঘটনাও ঘটতে পারে।
অমিত ফেসবুক প্রোফাইলের বায়োতে নিজের জন্মতারিখ এবং মৃত্যুর তারিখ লিখে রেখেছেন। সেখানে লেখা রয়েছেÑ ‘০১/১১/২০০৭-১৩/০৯/২০২৬’। গর্বের সঙ্গে দাঁড়ান। আপনি এক অনন্য সৃষ্টিÑ এমনটি আর একটিও নেই।’ এতে শিক্ষক-অভিভাবকরা এটাকে আত্মহত্যা বলে ধারণা করছেন। রামপুরা থানার ওসি মো. জাহাঙ্গীর বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় রিয়া (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। দুপুরে পেটে ব্যথা নিয়ে বাথরুমে যাওয়ার পর অচেতন হয়ে পড়ে। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দুপুর আড়াইটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার গলায় দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রিয়া উইলস লিটন কিন্ডার গার্ডেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে গাজীপুরের কাপাসিয়ার সালুয়াদিঘি এলাকার রুবেলের মেয়ে। বর্তমানে তারা শনির আখড়া এলাকায় বসবাস করে।